খেলাধুলা

ফল ভাল হলেও দল ছাড়তাম, ফেডারেশনকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মানোলো

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন মাত্র ১০ মাস, কিন্তু এই অল্প সময়েই ভারতীয় ফুটবলের অন্দরের বাস্তব চিত্র স্পষ্ট বুঝে গিয়েছিলেন মানোলো মার্কেজ। এক স্প্যানিশ দৈনিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের সদ্য প্রাক্তন কোচ কার্যত ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর মতে, শুধু খারাপ পারফরম্যান্স নয়, ভারতীয় ফুটবলে গঠনগত সমস্যার কারণেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।

প্রাক্তন কোচের দাবি, এপ্রিলেই তিনি ইস্তফা দিয়েছিলেন। কিন্তু ফেডারেশন তা জানায়নি। বরং জুলাইয়ে এসে জানানো হয় দু’পক্ষের সমঝোতায় চুক্তি ভেঙেছে। প্রশ্ন উঠছে, তবে কি ফেডারেশন সময় নিয়ে কোচ বদলের নাটক সাজাতে চেয়েছিল? হংকং ম্যাচের আগেই ছেত্রী-সহ ফুটবলাররা জানতেন মানোলো চলেই যাচ্ছেন। অথচ বাইরে জানানো হয়নি কিছুই। এতে মানসিকভাবে ফুটবলাররাও বিচলিত ছিলেন বলে ইঙ্গিত দেন তিনি।

ভারতীয় ফুটবলে দ্বিচারিতার অভিযোগ তুলে মানোলো বলেন, “সব দল এক নিয়মে চলে না। তখনই বুঝলাম, এটা আমার জায়গা নয়।” নিজের ভুল স্বীকার করলেও স্পষ্ট জানিয়ে দেন, ভালো ফল হলেও সিদ্ধান্ত বদলাতেন না। মানসিক ক্লান্তি এবং গঠনতান্ত্রিক জটিলতা তাঁর বিশ্বাসে ধাক্কা দিয়েছে।

এফসি গোয়ার হয়ে সুপার কাপ জেতানো কোচের এমন বিস্ফোরণ ভারতীয় ফুটবল প্রশাসনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলারই ছবি তুলে ধরছে—যার ফলে ফেডারেশনের নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.