ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলার ধন্যিমেয়ে রিচা ঘোষের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের দারুণ জয় পেল তারা গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। কোতাম্বি স্টেডিয়ামে ২০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে মাত্র ১৮.৩ ওভারে ম্যাচ জিতে নেয় আরসিবি।
রিচা ঘোষ ছিলেন ম্যাচের নায়িকা, মাত্র ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, যা নিশ্চিতভাবেই ওমেন্স প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফিনিশিং ইনিংসগুলোর একটি হয়ে থাকবে।
এর আগে ব্যাটিংয়ে নেমে গুজরাট জায়ান্টস প্রথম দিকে ধীরগতিতে খেললেও অধিনায়ক বেথ মুনির (৫৬ বলে ৪২) হাত ধরে ভিত পায়। এরপর অ্যাশলে গার্ডনারের ঝড়ো ৩৭ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস (৩ চার, ৮ ছক্কা) ও দেয়েন্দ্রা ডটিনের ১৩ বলে ২৫ রানের ক্যামিওর সৌজন্যে গুজরাত ২০১/৫ রান করে।
বল হাতে আরসিবির পক্ষে সবচেয়ে সফল ছিলেন রেনুকা সিং, ২৫ রানে ২ উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দেন।
জবাবে, ওপেনার রাঘবী বিস্ত ২৫ বলে ২৭ রান করলেও ধীরগতির ইনিংসের কারণে চাপ বাড়ে আরসিবির ওপর। তবে অভিজ্ঞ এলিস পেরি ২৭ বলে অর্ধশতরান করে দলের রান তাড়া সহজ করে তোলেন। এরপরই ম্যাচের রং বদলান রিচা ঘোষ, অসাধারণ ব্যাটিংয়ে ছক্কা-চার হাঁকিয়ে গুজরাটেরর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন।
এই জয়ের মাধ্যমে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করল বেঙ্গালুরু।







