স্বাস্থ্যভবন অভিযান শুরুর আগেই জুনিয়র ডাক্তাররা তাঁদের অবস্থান স্পষ্ট করলেন। সাফ জানান, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে পদত্যাগ করতেই হবে। নাহলে স্বাস্থ্যভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান চলবেই।
করুণাময়ী থেকে মিছিল করে সল্টলেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তার আগে সেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করল পুলিশ। স্বাস্থ্যভবনের সবকটি প্রবেশদ্বারের সামনে ব্যারিকেড রাখা হয়েছে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশকর্মী। বিধাননগর পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্যভবনের অনেক আগেই মিছিল আটকানো হবে।
উল্লেখ্য, সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। দাবিপূরণের জন্য, মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। দুপুর ১২টায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের মিছিল।







