শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে আট উইকেটে হারের পরে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট রসিক ভঙ্গিতে দলের হারের প্রসঙ্গে মন্তব্য করেন। জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের উদাহরণ টেনে রুট বলেন, “কোল্ডপ্লে প্রতি সপ্তাহে নম্বর ১ থাকতে পারে না,” ইংল্যান্ড দলও সবসময় শীর্ষে থাকবে না। সিরিজের প্রথম দুটি টেস্ট জেতার পর শেষ ম্যাচে পরাজিত হয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে সিরিজ সেরা এবং ‘প্লেয়ার অফ দ্য সামার’ নির্বাচিত হওয়া রুট আরও বলেন, “গ্রীষ্মের ৯০% সময় আমরা ভালো খেলেছি ও দেখিয়েছি আমরা কতটা ভালো দল হতে পারি। তবে এই সপ্তাহে আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি, এটা মাঝে মাঝে ঘটতে পারে।”
৩৩ বছর বয়সী রুট শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৩৭৫ রান করেন, যা তার সাম্প্রতিক ফর্মের ধারাবাহিকতা। তিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের বেশি সংগ্রহ করা একমাত্র সক্রিয় ব্যাটসম্যান ও শচীন তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।







