বর্তমান সমাজ অনেক অংশেই সমাজ মাধ্যমের ওপর নির্ভরশীল। উদযাপন থেকে শুরু করে দিনশৈলী সবই সমাজ মাধ্যমে দিয়ে থাকেন অনেকেই। তবে তাই বলে নিপীড়নের ভিডিও?
হ্যাঁ, ঠিকই দেখছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বামীকে স্ত্রীর শারীরিক অত্যাচারের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী তার স্বামীকে বিছানায় শুইয়ে দোপাট্টা দিয়ে হাত-পা বেঁধে রেখেছেন এবং সিগারেট দিয়ে তার শরীরে অত্যাচার চালাচ্ছেন।
জানা গেছে পীড়িত স্বামীর নাম মন্নান জায়েদি। উত্তর প্রদেশের বিজনোরের বাসিন্দা তারা। মন্নান জানিয়েছেন তার স্ত্রী মেহেরজাহান তাকে বিয়ার, বিরিয়ানি এবং অন্যান্য মাদকদ্রব্য খাওয়াতে না পারার কারণে এই অত্যাচার করতেন।
মন্নান বেশ কিছুদিন ধরেই এই অত্যাচারের শিকার হলেও তিনি সম্পূর্ণ ঘটনাটি পুলিশে জানানোর আগে তাদের ঘরে গোপনে একটি ক্যামেরা বসান। সেই গোপন ক্যামেরায় ধরা পড়ে এক নির্মম দৃশ্য। সেই রাতের ভিডিওতে দেখা যায়, মেহেরজাহান স্বামীর পায়জামা খুলে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রেখে সিগারেট দিয়ে তার শরীর পোড়াচ্ছেন। স্বামী আপ্রাণ চিৎকার করলেও, স্ত্রীর চেহারায় কোনও অনুশোচনা দেখা যায়নি।
বর্তমানে ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে স্বামী মন্নান জায়েদির অভিযোগের ভিত্তিতে মেহেরজাহানকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। তার বিরুদ্ধে স্বামীর হত্যার চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগের মামলা দায়ের করা হয়েছে।







