স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার আর তিন মাসও হাতে নেই। এদিকে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি অন্যান্য বছরগুলির তুলনায় প্রায় ২০ দিন এগিয়ে এসেছে এই পরীক্ষা।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে, আগামী বছর অর্থাত্ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। এই পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৪৫ থেকে এবং শেষ হবে বিকেল ৩ টেতে।
মাধ্যমিক পরীক্ষার আগেই বিভিন্ন স্কুলের তরফে দাবি করা হয়েছে যে, দুর্গাপুজার সময় থেকে টানা ছুটি থাকার কারনে সিলেবাস শেষ করা হয়নি। এমতাবস্থায়, চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে টেস্ট পরীক্ষা কিভাবে সম্ভব সেই বিষয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। এমনকি কিছুদিন আগে জল্পনা শুরু হয়েছিল যে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা হয়তো পিছিয়েও যেতে পারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার আগেই নতুন পাঠ্যবই আনতে চলেছে পর্ষদ। যেগুলি খুব শীঘ্রই বিতরণ করে দেওয়া হবে পড়ুয়াদের মধ্যে।
এই সিদ্ধান্তের জেরে রীতিমত চিন্তার ভাঁজ পরেছে পড়ুয়াদের কপালে। যদিও এই বিষয়ে আশ্বস্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, সিলেবাস পরিবর্তন প্রসঙ্গে খবর মিলেছে যে, নতুন বই আনা হলেও আগের মতোই সিলেবাস একই থাকছে। অর্থাত্, আপাতত মাধ্যমিকের পাঠ্যক্রমে কোনো বদল আনা হচ্ছে না।







