ধর্মতলায় ছাত্র আন্দোলন ঘিরে শুক্রবারের অশান্তির ঘটনায় কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনাকে কেন্দ্র করে মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে সদ্য পাস হওয়া গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে। এই আইন কার্যকর হওয়ার পর এই প্রথম কোনও ঘটনায় তা ব্যবহার করা হল বলে দাবি সরকারের।
শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের উপর হামলার চেষ্টা, সাংবাদিকদের নিশানা করে জুতো ও জলের বোতল ছোড়া এবং পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছিল। তাঁর দাবি, পুলিশ সংযম বজায় রেখেছে এবং কোনও প্ররোচনায় পা দেয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবারের ঘটনার জেরে হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালি থানায় একটি—মোট সাতটি মামলা দায়ের হয়েছে। বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, হিংসা, উস্কানি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক ধারার পাশাপাশি নতুন গুন্ডাদমন আইনও যুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, চিহ্নিত ৭০ জনের অধিকাংশই ছাত্র নন এবং নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের সঙ্গেও তাঁদের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। তিনি কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করে তাঁদের “দুষ্কৃতী” বলে অভিহিত করেন এবং জানান, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ধর্মতলার ওই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি বামপন্থী সংগঠনগুলির উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অনেকেই নিজেদের ছাত্র পরিচয় দিলেও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের বাস্তব কোনও যোগ নেই।
এদিকে, সাংবাদিকদের উপর হামলার অভিযোগেরও কড়া নিন্দা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা করাতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধায়কেরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংবাদমাধ্যমের পক্ষ থেকে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি একটি মামলা স্বতঃপ্রণোদিত ভাবেও রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।







