শনিবার ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই রণক্ষেত্র মূর্তি ধারণ গোটা নন্দীগ্রামে।বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পাহাড় রাজ্যে। তারই মাঝে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূল দাবি করে, নারী সুরক্ষাকে সবসময়ে অগ্রাধিকার দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। বাংলায় সকল মহিলা সুরক্ষিত। কিন্তু নন্দীগ্রামে যে ঘটনার প্রসঙ্গে গেরুয়া শিবিরের দাবি, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা কোথায়, তার আসল রূপ বেরিয়ে গেছে। শুক্রবার দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ”একজন ৫৬ বছর বয়সী মহিলা যেভাবে খুন হয়েছেন তাতে পশ্চিমবঙ্গে মহিলাদের কী সুরক্ষা আছে তা বোঝা যাচ্ছে।” নন্দীগ্রামের সঙ্গে হিংসা যে সমার্থক সেটাও দাবি করেছেন ঘোষবাবু।
লোকসভা নির্বাচনে তৃণমূল গো-হারা হারবে বলেই লাগাতার প্রচার করছে পদ্ম শিবির। দিলীপ বলছেন, ”তৃণমূল বুঝতে পেরেছে জেতার কোথাও চান্স নেই। তাই ভোটারদের, কর্মীদের ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে।”অভিযোগের সুরে পাশপাশি তিনি আরও বলেন, “দক্ষিণবঙ্গে যেখানেই ভোট হচ্ছে, সেখানেই এরকম ঘটনা ঘটছে। বাংলার নির্বাচনে তো খুন-খারাপি চলতেই থাকে। তবে এরপরে পশ্চিমবঙ্গে ভোটে আর এসব হবে না।”, বার্তা বিজেপি নেতার।
এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল।” বিজেপি এই ঘটনার শেষ দেখে ছাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় নির্বাচন কমিশনও রিপোর্ট চেয়েছেন। তার পাশাপাশি কিভাবে এই ঘটনাটি ঘটেছে তা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে তারা। একই সঙ্গে এই ঘটনায় শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।







