পুজো কাটলেই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হবে মানহানির মামলা ! এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। মঙ্গলবার এবিষয়ে ছন্দা সরকার জানান , ‘‘এখন আমি পুজো নিয়ে ব্যস্ত রয়েছি। পুজো কেটে গেলেই এ বিষয়ে পদক্ষেপ করব। এবং আমার যা যা বক্তব্য, সে বিষয়েও বিস্তারিত জানাব।’’
উল্লেখ্য , কিছুদিন আগে , বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন । ভিডিওতে দেখা যায় কাউন্সিলর ছন্দা সরকার , জমি সংক্রান্ত বিষয় এক প্রোমোটারের সঙ্গে কথা বলছেন । ভিডিও অনুযায়ী , কাউন্সিলর কোনো একজনকে জিজ্ঞেস করেন ,‘‘ঘনশ্রী কত করে নিতেন?’’ উত্তরে এক জন জানান, ‘‘স্কোয়্যার ফুট হিসাবে ১৫০ টাকা।’’ সেই মূল্য কমিয়ে দিয়ে ছন্দা সরকার বলেন, ‘‘আমাকে ৮০ টাকা করে দিলেই হবে। তোমরা কাজ করো।’’ তারপরে তৃণমূল কাউন্সিলরকে বলতে দেখা যায়, ‘‘এক লাখ দিয়ে কাজ শুরু করুক। আমার কোনও আপত্তি নেই।’’ (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ )
ভিডিওর পরিপ্রেক্ষিতে ছন্দা সরকার বলেন , ‘‘শুভেন্দু অধিকারী জানান তিনি কোথা থেকে এই ভিডিয়ো পেয়েছেন। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।’’ পাল্টা শুভেন্দু জানান , ‘‘তৃণমূল মানেই চোর। কোনও পরিবর্তন হয়নি।’’ এবার ছন্দা সরকারের মানহানির মামলা নিয়ে শুভেন্দু বলেন , ‘‘গণতান্ত্রিক দেশের যে কেউ যে কারও বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন। তাই ওই তৃণমূল কাউন্সিলরও আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আমিও আদালতে নিজের জবাব দেব।’’







