পুরভোটের আগে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একসঙ্গে ২৩ জন আইপিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন করা হল। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে নতুন মুখ। শুক্রবার এই সংক্রান্ত বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবন্দ্রপ্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইবি-র আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফের আইজিপি পদে থাকা সুধীরকুমার নীলকান্তমকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০০৯ ব্যাচের আইপিএস সুখেন্দ হীরাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (নিরাপত্তা) পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে ছিলেন। কলকাতা ট্রাফিক পুলিশের নতুন যুগ্ম কমিশনার হয়েছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। এতদিন তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন।
এছাড়াও জয়েন্ট সিপি ট্রাফিকের দায়িত্বে থাকা আইপিএস সূর্যপ্রতাপ যাদবকে ডিআইডি, আইবি পদে বদলি করা হয়েছে। পুরভোটের আগে একসঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







