স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করল এক ব্যক্তি। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট সংলগ্ন নন্দনপুর এলাকায়। আহতদের প্রথমে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা।
তবে তাদের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরবর্তীতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের বক্তব্য, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। শনিবার সকালে আচমকাই স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে স্ত্রীকে। মাকে বাঁচাতে এগিয়ে আসে যুবতী মেয়ে। তখন তার হাতেও কোপায় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত চিনু সরকারের বোন আদুরী বালা সরকার। তিনি বলেন, আমার বোন চিনু সরকার ও তাঁর পঁচিশ বছরের মেয়ে তনু সরকারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে বোন জামাই সত্যরঞ্জন সরকার। ভয়ঙ্কর এই ঘটনার খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপতালে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা।







