কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবা জুনিয়র চিকিৎসকদের দ্রোহর কার্নিভালের প্রশংসা করেন। রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভালের থেকে কিছু দূরেই পালিত হয় ‘দ্রোহের কার্নিভাল’। সেই কার্নিভালকেই জুনিয়র চিকিৎসকদের জয় হিসেবে দেখছেন তিনি।
দ্রোহের কার্নিভাল প্রসঙ্গে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়াতে নির্যাতিতা চিকিৎসকের মা বলেছিলেন, ‘ছাত্ররা তো অন্যায় আন্দোলন করছে না। এটা তো উদ্বেগের। ওরা অসুস্থ হচ্ছে। কতদিন না খেয়ে থাকবে ওরা। তবে এটা বলব ওরা যাতে হটকারী সিদ্ধান্ত না নেয়। রিলে করে অনশন করুক। আর মুখ্যমন্ত্রী দ্রোহ কার্নিভাল চেয়েছিলেন বন্ধ করতে পারেননি। হাইকোর্ট অর্ডার দিয়েছে। পুলিশই ব্যারিকেড দিয়েছিল। পুলিশই সরিয়েছে। এটা লজ্জা। পুলিশই আমার মেয়ের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে।’
অন্যদিকে, নির্যাতিতার বাবার উবাচ, ‘এটা ডাক্তারদের জয়, ওদের কার্নিভাল শুরু হয়ে গিয়েছে’। পাশাপাশি তিনি এ’ও বলেন, ‘সুপ্রিম কোর্ট যাই বলুক কেন, অনেক ভেবেচিন্তেই বলেছে। সিবিআই দেরি করছে না, তথ্য-প্রমাণ একত্রিত করছে। সেই জন্যই সময় লাগছে’।
উল্লেখ্য, এক বিবৃতিতে আইএমএ’ও জানিয়েছিল, ‘জুনিয়র ডাক্তাররা সারা দেশে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন পালন করবে এবং পুরো কর্মসূচিতে আইএমএ মেডিকেল স্টুডেন্টস নেটওয়ার্কের সমর্থন রয়েছে’।







