মঙ্গলবার সাসপেন্ড করা হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তৃণমূল সাংসদ তাপস রায়ের আবেদনের ভিত্তিতে শীতকালীন অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে অভিযোগ, এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেন শুভেন্দু।
বিরোধী দলনেতার আচরণের নিন্দা করে তাঁকে সাসপেন্ড করার দাবি তোলেন। তৃণমূল বিধায়কের দাবি মেনেই শুভেন্দুকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ”এখানে অনেকেই আছেন, যাঁরা বিজেপির প্রতীকে জেতেন। ভেতরে এরা বিজেপির প্রতীকে জেতা বিধায়ক। আর বাইরে এরা শাসকদলের। যদিও অধ্যক্ষ তাঁদেরকে শব্দের কারিকুরিতে বিজেপির বিধায়ক হিসাবে চিহ্নিত করেন।”
অধ্যক্ষ এই বক্তব্যে তীব্র আপত্তি জানান। আর বলেন, ”আপনাদের অফিশিয়াল যা আছে তাকেই মান্যতা দিয়েছি। নতুন কিছু নয়।”অধ্যক্ষ জানান, শঙ্কর ঘোষের এই বক্তব্য রেকর্ড হবে না। তারপরেই হট্টগোল শুরু হয় বিধানসভায়। ওয়াক আউট করে বিজেপি। অভিযোগ, এই সময়েই বিধানসভায় কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন শুভেন্দু। এমনকি, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুভেন্দুর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন শাসকদলের বিধায়কেরা।







