বর্তমান সময়ে হিন্দি সিনেমার অন্যতম সুপার স্টার হলেন সালমান খান। নিজের কর্ম জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন সালমান খান। তবে এবার ‘লরেন্স বিষ্ণোই’ নামে সমস্যার সম্মুখীন সালমান, পেয়েছেন প্রাণনাশের হুমকি।
জানা গিয়েছে, জেলে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে সালমানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত সালমানের ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যার দায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং স্বীকার করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে সালমান খানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ককেও হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যার ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে।
এই বিষয়ে প্রথমবার প্রকাশ্যে বললেন সালমান খান। তার জীবনের এই কঠিন সময় সম্পর্কে কথা বলেছেন ‘বিগ বস ১৮’ এর মঞ্চে।
সালমানের প্রতিক্রিয়া
বিগ বস ১৮’-এর ‘উইকএন্ড কা ওয়ার’-এ সালমান বলেন, “ইয়ার কসম খুদা কি, আমি আমার জীবনে এখন কী কী সহ্য করছি তা শুধু আমিই জানি, এবং আমাকে এখন এই পরিস্থিতি সামলাতে হবে। আজ এখানে আমার আসার কোনো ইচ্ছে ছিল না, তবে এটা আমার দায়িত্ব, তাই আমি এখানে আছি।”
এর আগে বিগ বসের অনেক শো সালমান উপস্থাপন করলেও এই প্রথম সালমান তার জীবনের অশান্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে হোয়াটসঅ্যাপে ৫ কোটি টাকার দাবি করে সালমানের নামে একটি মেসেজ পাঠানো হয়, যা নিয়ে তার ভক্তরা উদ্বিগ্ন।







