আরজিকরকাণ্ডে উত্তাল রাজ্য। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বিকেল পাঁচটায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পূর্বে এবার নবান্নে কুলতলির নির্যাতিতার বাবা-মা। সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।
ধর্ষণ-খুনে অভিযুক্ত এই মুহূর্তে পুুলিশ হেফাজতে রয়েছে৷ সে ওই এলাকারই বাসিন্দা, এমনটাই খবর পুলিশ সূত্রে।
উল্লেখ্য, আরজিকরকাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে প্রতিবাদ অব্যাহত। তারমধ্যেও একের পর এক ধর্ষণ-খুনের ঘটনা আলোড়ন ফেলেছে গোটা রাজ্যে। জয়নগরকাণ্ডের পর, বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা নিশ্চিত করা হবে। হুঁশিয়ারির সুরে তিনি বলেছিলেন, ‘যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দিক।’







