নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজোকে ঘিরে গত কয়েকদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল বড়মার মন্দির চত্বর সহ পার্শ্ববর্তী এলাকা। নৈহাটি রেলস্টেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সকল আনন্দের আজই ইতি ঘটবে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় নেবেন নৈহাটি বাসীর নয়নের মণি ‘বড়মা’। মায়ের বির্সজনের শোভাযাত্রায় শুধু নৈহাটির মানুষ নয়, দূরদূরান্ত থেকে এসেও অংশগ্রহণ করেন অগণিত ভক্তরা। তাই যেকোনওরকম দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার আরও তৎপর ব্যারাকপুর পুলিশ এবং নৈহাটি পুরসভা।
বিসর্জনের সময় ভক্তদের ঢল নামে এলাকার অরবিন্দ রোড-সহ আশপাশের অঞ্চল জুড়ে। সেই কথা মাথায় রেখেই গতকাল রবিবার থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। এছাড়াও এই এলাকার একটি বিশেষ প্রথা রয়েছে, নৈহাটির বড়মার আগে অন্য কোনও কালী প্রতিমা বিসর্জন করা করা যায় না, এদিনও সেই প্রথার অন্যথা হবে না। চিরাচরিত প্রথা মেনে মহিলাদের পরিবর্তে পুরুষরাই শেষ মুহূর্তে বরণ করে নেবেন মাকে।
এদিন মায়ের প্রায় ৩০০ কেজি স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার খুলে রেখে তাঁর অঙ্গরাগ হবে ফুলের সাজে। এই দিনই মায়ের যাবতীয় গয়না আগামী এক বছরের জন্য গচ্ছিত থাকবে লকারে। আজ বিকেল চারটে নাগাদ বড়মাকে মণ্ডপ থেকে বের করে নৈহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানেই বড়মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে।
ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, এদিন প্রায় ১ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে বড়মার নিরঞ্জনের শোভাযাত্রায়। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। বিশেষত গঙ্গাবক্ষে থাকবে পুলিশের কড়া নজরদারি। সকলেই যাতে মায়ের বিসর্জন দেখতে পান সেইজন্য অরবিন্দ রোডের ধারে চারটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে লাইভ দেখানো হবে মায়ের শোভাযাত্রা।







