ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও, বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গোলাগুলি থেমেছে ঠিকই, কিন্তু আতঙ্ক পিছু ছাড়েনি সীমান্তবর্তী গ্রামবাসীদের। জম্মুর আরনিয়া, সাম্বা, আর এস পুরা, আখনুর—এই সমস্ত অঞ্চলে রাতভর বাঙ্কারে কাটাচ্ছেন মানুষ। গ্রামগুলি একপ্রকার জনশূন্য। যারা ফিরেছেনও, তারা কেবল দিনের আলোয় পশুপালন বা চাষাবাদের কাজ সেরে আবার রাতে গ্রাম ছাড়ছেন।
এই অবস্থার মাঝেই বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তাঁর প্রশ্ন, “কোথায় যুদ্ধ? কোথায় প্রত্যাঘাত? পুরনো একটি জঙ্গিঘাঁটি ধ্বংস হলেই কি তা সফলতা?” তিনি দাবি করেন, কেন্দ্র সরকার প্রমাণ দেখাক—পাকিস্তানের কোন অস্ত্র বা ঘাঁটি ধ্বংস হয়েছে। তাঁর কথায়, “এই অপারেশন তো প্রহসনের মতো! নেতৃত্ব ব্যর্থ, পাকিস্তানকে শিক্ষা দিতে পারেনি।”
সত্যিই, যখন গোটা দেশ সেনাবাহিনীর পাশে, তখন এমন মন্তব্য বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যই স্পষ্ট করে। তবে মাঠে-ময়দানে সেনা লড়ছে জীবন বাজি রেখে, আর রাজনীতির মঞ্চে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি।
সংঘর্ষ বিরতি আপাতত শান্তির বার্তা বয়ে আনলেও, আতঙ্ক ও অনিশ্চয়তা রয়ে গেছে একইরকম। পাকিস্তানের লাগাতার ড্রোন ও গোলাবর্ষণে ভাঙা ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে প্রশ্ন একটাই—এই নীরবতা কতদিনের?







