এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে দেশজুড়ে যখন তীব্র বিতর্ক, তখনই নতুন উদ্যোগের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতে ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মূল লক্ষ্য, নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদেরও ভোটার তালিকায় ফেরানো।
কমিশনের তরফে জানানো হয়েছে, এবার যোগ্য নতুন ভোটারদের পাশাপাশি বাদ পড়া ভোটারদের খুঁজে বের করে তাঁদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের চিহ্নিত করবেন বুথ লেভেল অফিসাররা।
বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন অথবা প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা এই এসএসআর প্রক্রিয়ার আওতায় আসবেন। বিএলএ-রা প্রতিদিন সর্বোচ্চ ১০টি করে ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন। পাশাপাশি কোনও যোগ্য ভোটারের নাম তালিকায় না থাকলে বিএলও-রা তাঁর সন্ধান করে ফর্ম ৬ পূরণ করানোর ব্যবস্থা করবেন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত যাঁরা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাঁরাও এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আগামী ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি।
বাংলা, বিহার-সহ যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, সেখানে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য অভিযান শুরু হবে। অন্যদিকে, যে রাজ্যগুলিতে এখনও এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানেও পরবর্তী সময়ে এই নতুন সমীক্ষা চালানো হবে। সেই রাজ্যগুলির দিনক্ষণ পরে ঘোষণা করবে কমিশন। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং লাদাখে এসআইআর-এর সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
উল্লেখ্য, দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় ২০টি রাজ্যে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। এই প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। এমনকি ফর্ম ৬-এর নিয়ম পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। এসব অভিযোগের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভও চলছে। সেই আবহেই এবার বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন।







