বিজয়ী বেশে বছর শেষ করার পর এবার নতুন লক্ষ্যের দিকে পা বাড়াচ্ছেন ভারতীয় নারী ক্রিকেটাররা। সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের পাখির চোখ ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। নতুন বছরের বড় চ্যালেঞ্জগুলো শুরু করার আগে তাই ঈশ্বরের আশীর্বাদ নিতে উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে হাজির হলেন স্মৃতি মন্ধানারা।
স্মৃতি মন্ধানার সঙ্গে এই পুজোয় সামিল হয়েছিলেন শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা এবং রাধা যাদবদের মতো তারকা ক্রিকেটাররা। মন্দির প্রাঙ্গণে ভোরের স্নিগ্ধ আলোয় মহাদেবের ‘ভস্ম আরতি’তে অংশ নেন তাঁরা। কপালে তিলক আর পরনে ঐতিহ্যবাহী পোশাকে তাঁদের ভক্তিভরে প্রার্থনা করতে দেখা যায়। মাঠের বিধ্বংসী মেজাজ সরিয়ে এদিন তাঁরা পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নেন এবং মন্দিরের শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান।
স্মৃতিদের এই মন্দির দর্শনের নেপথ্যে রয়েছে দুর্দান্ত এক সাফল্যের পটভূমি। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই সিরিজেই স্মৃতি মন্ধানা প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। গত বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে বর্তমানে টিম ইন্ডিয়া উড়ছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর সবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সিরিজ পূর্ণ করেছে হরমনপ্রীত কৌরের দল।
আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ডে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে ফেব্রুয়ারি মাসে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। গত বিশ্বকাপের স্মৃতি ভুলে এবার বিলেতের মাঠে তেরঙা ওড়াতে মরিয়া মেয়েরা। আর সেই কঠিন লড়াইয়ের মানসিক প্রস্তুতি হিসেবেই নতুন বছরের শুরুতে মহাদেবের শরণাপন্ন হলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার গার্লরা।







