দেশের অন্যতম নামী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) আবারও এক বিশাল আর্থিক কেলেঙ্কারির কবলে পড়ল। প্রায় ২৪০০ কোটি টাকার ওপর এক ভয়াবহ জালিয়াতির খবর সামনে এসেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেরাই রিজার্ভ ব্যাঙ্ককে (RBI) এই বড় অঙ্কের প্রতারণার কথা সবিস্তারে জানিয়েছে। মূলত দুটি সংস্থাকে দেওয়া বিপুল অঙ্কের ঋণের টাকা ঘিরেই এই জালিয়াতির পর্দাফাঁস হয়েছে।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি শাখা থেকে ‘এসআরইআই’ (SREI) গ্রুপের দুটি সংস্থাকে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল প্রায় ১২৪০ কোটি টাকা এবং অন্যটিকে প্রায় ১১৯৩ কোটি টাকা। সব মিলিয়ে অংকটা ২৪৩৪ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাফ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত ‘বরোয়াল ফ্রড’ বা ঋণ জালিয়াতি। সহজ কথায়, যখন কোনো সংস্থা ব্যাঙ্ককে ভুল তথ্য দিয়ে টাকা হাতায় বা সেই টাকা অন্য কোথাও সরিয়ে ফেলে, তখনই তাকে এই তকমা দেওয়া হয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, এই লোকসানের ধাক্কা সামলাতে তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় আর্থিক সংস্থান বা ‘প্রভিশন’ করে ফেলেছে। অর্থাৎ, এই ক্ষতি ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মে খুব একটা প্রভাব ফেলবে না। শেয়ার বাজারকেও এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বা এনসিএলটি-র (NCLT) তত্ত্বাবধানে সংস্থা দুটির দেউলিয়া সমস্যার সমাধানের কাজও সফলভাবে এগিয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে যাত্রা শুরু করা এই ‘এসআরইআই’ গ্রুপের সমস্যা দীর্ঘদিনের। ২০২১ সালেই রিজার্ভ ব্যাঙ্ক এই সংস্থাগুলির বোর্ড ভেঙে দিয়ে দেউলিয়া প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল। শুধু পিএনবি নয়, বাজার থেকে এই দুই সংস্থার মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় ২৮ হাজার কোটি টাকা। একের পর এক আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আসায় দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তা নিয়ে আবারও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।







