নিজস্ব সংবাদদাতা : গতবছরই বিয়ে করে একসাথে সংসার শুরু করে রাখি সাবন্ত ও আদিল খান দুরানি। আদিল, পেশায় শিল্পপতি এমনটাই জানিয়ে ছিল স্ত্রী রাখি। বিয়ের পরেই রাখি ইসলাম গ্রহণ করেন। প্রথম দিকে তিনি বিষয়টি চেপে গেলেও কিছু মাস পরে সেটা প্রকাশ্যে চলে আসে। চলতি বছরই অভিনেত্রী নতুন জীবন শুরুর ঘোষনা করেন। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক চললেও কিছু মাস পর থেকেই বিবাদে জড়িয়ে পড়ে দুজনেই। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং প্রতারণা সমেত একাধিক অভিযোগ তোলেন রাখি।
বিবাদের জেরে জেলও খাটতে হয় আদিলকে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবাহবিচ্ছেদের দিকে গড়ায়। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পান তিনি। সাংবাদিক সম্মেলনের আয়োজন করে স্বামী আদিল খান রাখির তোলা বিভিন্ন অভিযোগের বিতর্কিত জবাব দেয়। তার মধ্যে রাখির সন্তান নষ্ট করার অভিযোগ ছিল সমালোচনার তুঙ্গে। এই প্রসঙ্গে রাখি বলেছিলেন, তিনি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন বিবাদের জেরে রাগের মাথায় আদিল লাথি মেরেছিল তার পেটে। সেই সময় গর্ভপাত হয়েছিল তার। এই অভিযোগকে নাকচ করে আদিল জানায়, ‘রাখির সঙ্গে সংসার করাকালীন ওর জরায়ুতে জটিল সমস্যার কারণে চিকিৎসক তা কেটে বাদ দিতে বাধ্য হয়। শুধু রাখি কেন কোন মেয়ের সাথেই এরকম অসভ্য আচরণ করার শিক্ষা আমি পাইনি।’







