নিজস্ব সংবাদদাতা:
বিহারের পর এবার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকেই শুরু হচ্ছে এই মহাযজ্ঞ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এদিন সাংবাদিক বৈঠকে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “কারও বাড়তি কাগজপত্র নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের কোনও অতিরিক্ত নথি জমা দিতে হবে না। এমনকি, যদি নিজের নাম না থাকে কিন্তু বাবা বা মায়ের নাম থাকে, তাহলেও বাড়তি কাগজের প্রয়োজন নেই। শুধু নির্ধারিত ফর্ম পূরণ করলেই হবে।”
কমিশনের তরফে জানানো হয়েছে, এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু হচ্ছে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে।
বুথ লেভেল অফিসাররা (BLO) মঙ্গলবার থেকেই ফর্ম বিতরণের প্রস্তুতি শুরু করবেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ ও ফর্ম মুদ্রণের কাজ। এরপর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন।
কমিশনের সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া। অবশেষে, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। তবে কমিশনের স্পষ্ট বার্তা—“স্বচ্ছ, নির্ভুল এবং ন্যায্য ভোটার তালিকা তৈরিই আমাদের একমাত্র লক্ষ্য।”







