খেলাধুলা

সঙ্গীতার গোলে ইতিহাস, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ইস্টবেঙ্গল

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন কীর্তি গড়ল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। রবিবার কম্বোডিয়ায় কিটচি এসসি-র বিরুদ্ধে লড়াই করে ১-১ ড্র নিশ্চিত করেই তারা জায়গা করে নিল মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে। ম্যাচের শুরুতেই সঙ্গীতা বাসফোরের গোল লাল-হলুদ শিবিরকে এগিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই এক পয়েন্টই এনে দিল ইতিহাস।

যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই নমপেন ক্রাউনকে হারিয়ে ভালো সূচনা করেছিল ইস্টবেঙ্গল। ফলে কিটচির বিরুদ্ধে ড্র করলেই মূলপর্ব নিশ্চিত ছিল। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ় ম্যাচের আগে স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর দলের লক্ষ্য শুধু ড্র নয়, জয়। তাই প্রথম একাদশে রেখেছিলেন সঙ্গীতার সঙ্গে ফাজ়িলা ইকওয়াপুট ও সুলঞ্জনা রাউলকে। ৯ মিনিটেই ফাজ়িলার ক্রস থেকে গোল করেন সঙ্গীতা। তবে ৫৯ মিনিটে কিটচির হো মুই মুই সমতা ফেরান।

তবুও থেমে থাকেনি ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। গোলপোস্টের নিচে পান্থোই চানুর দুর্দান্ত সেভ ইস্টবেঙ্গলকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ বাঁশি বাজতেই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থেকে মূলপর্বে পা রাখল লাল-হলুদ ব্রিগেড। ভারতের ইতিহাসে ওড়িশা এফসির পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই সাফল্য অর্জন করল তারা।

এই জয়কে শুধু মাঠের ফল নয়, বাংলার ফুটবলের গর্ব হিসেবেই দেখছেন অনেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষকে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলার মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই, তারই প্রমাণ হয়ে রইল এই সাফল্য। ইস্টবেঙ্গলের মহিলা দলের জন্য এ শুধু একটি ম্যাচ নয়, বরং ভবিষ্যতের স্বপ্নপথে দৃঢ় পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.