রাজ্য

দু’সপ্তাহ ধরে পেটে ব্যথা, হাসপাতালে মীরা ভট্টাচার্য! কেমন আছেন বুদ্ধদেবের স্ত্রী? জানাল হাসপাতাল

দু’সপ্তাহ ধরে পেটে যন্ত্রণা। তার সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও কাশির সমস্যাও। শেষ পর্যন্ত শুক্রবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন মীরা ভট্টাচার্য। তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার মীরা ভট্টাচার্যের কোলোনোস্কপি করা হয়েছে। পাশাপাশি রক্তের একাধিক পরীক্ষা, পেটের সিটি স্ক্যান এবং ইকোকার্ডিওগ্রাফিও করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

হাসপাতাল সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সঠিক সময়ে খাবার না খাওয়া এবং প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম খাওয়ার কারণে পেটে সংক্রমণের সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই গত দু’সপ্তাহ ধরে পেটে ব্যথা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বর্তমানে সেই ব্যথাও অনেকটাই কমেছে।

মীরা ভট্টাচার্যের হৃদযন্ত্রে কয়েক বছর আগে পেসমেকার বসানো হয়েছিল। প্রায় তিন বছর আগে তার ব্যাটারিও পরিবর্তন করা হয়। এবার সেই পেসমেকারও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।

শুক্রবার পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মীরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই চিকিৎসা শুরু হয়।

আপাতত আগামী ২৪ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ফলে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রয়েছে পরিবার, অনুরাগী এবং রাজনৈতিক মহলের। তবে এই মুহূর্তে হাসপাতালের তরফে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.