কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তান ৮২ রানে জয় লাভ করে এবং তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১১৫ রানের জুটি এবং কামরান গুলামের শেষ মুহূর্তের ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস পাকিস্তানকে ৩২৯ রানের বিশাল সংগ্রহ গড়তে সহায়তা করে।
জবাবে, দক্ষিণ আফ্রিকার হয়ে হেনরিক ক্লাসেন একা লড়াই চালিয়ে ৭৪ বলে ৯৭ রান করলেও দলের ২৪৮ রানে গুটিয়ে যাওয়া ঠেকাতে পারেননি। শাহিন আফ্রিদি তার পুরনো ছন্দে ফিরে এসে ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে ম্যাচের মোড় ঘোরানো কিছু অসাধারণ ডেলিভারি ছিল।
শুরুতে টেম্বা বাভুমা ও র্যাসি ভ্যান ডার ডুসেন ভালো শুরু করলেও পাকিস্তানের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের বিপদে ফেলে। বিশেষ করে আফ্রিদি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ১৪০ কিমি গতিতে রিভার্স সুইং দিয়ে প্রোটিয়াদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারকে ধ্বংস করে দেন।
পাকিস্তানের ইনিংসে বাবর আজম (৭৩) ও রিজওয়ান (৮০) ধৈর্যশীল ব্যাটিং করেন এবং গুলামের দুর্দান্ত ফিনিশিং স্কোরকে আরো মজবুত করে। দক্ষিণ আফ্রিকার নতুন পেসার কুইনা মাফাকা ৪ উইকেট পেলেও বড় লক্ষ্য আটকানো সম্ভব হয়নি।
এই জয়ে পাকিস্তান শুধুমাত্র সিরিজ নিশ্চিত করল না, বরং তাদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল। মাত্র ৪৫ দিনের মধ্যেই রিজওয়ানের পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ জিতে নিল। যা রিজওয়ানকে ক্যাপ্টেন তকমায় অনন্য নজির এনেদিল।







