বাংলাদেশে ফের বিতর্কের কেন্দ্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনার যশোর রোড রেলস্টেশনের দেওয়ালে আঁকা কবির প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। ইতিমধ্যেই বিকৃত প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেছেন শিল্পী।
জানা গিয়েছে, যশোর রোড রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শিল্পী এসএম সুলতান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিও আঁকা হয়েছিল। কিন্তু বেছে বেছে রবীন্দ্রনাথের মুখের অংশেই কালি লাগানো হয় বলে অভিযোগ। প্রতিকৃতির দু’পাশে সাঁটানো পোস্টারে কবির ‘শিবাজী উৎসব’ কবিতা নিয়েও আপত্তিকর মন্তব্য লেখা ছিল।
শিল্পী রেজাউল করিম জানিয়েছেন, ইতিমধ্যেই নতুন করে প্রতিকৃতি আঁকার কাজ শুরু হয়েছে। প্রথমে দেওয়ালে সাদা রংয়ের প্রলেপ দিয়ে স্কেচ তৈরি করা হচ্ছে। এরপর সম্পূর্ণ রং করে আগের মতো প্রতিকৃতি ফিরিয়ে আনা হবে। কাজ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য ঘটনাস্থলে পুলিশ এবং বিএনপির যুব সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তাঁর বক্তব্য, বিশ্ববরেণ্য কবির প্রতিকৃতি বিকৃত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
উল্লেখ্য, এর আগেও গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি লাগানোর চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় কয়েক জনকে আটক করা হয়। পরপর এমন ঘটনায় বাংলাদেশে কবির প্রতিকৃতির নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে খুলনার ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।






