মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, লেখা কবিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা হয়। মুখ্যমন্ত্রীর বিভিন্ন লেখা প্রায়শই ভাইরাল হয় সমাজমাধ্যমে। যার মধ্যে একটি হল ‘এপাং ওপাং ঝপাং’। মুখ্যমন্ত্রীর বহু বিতর্কিত লেখা এটি।
চলতি বছরেই মুখ্যমন্ত্রীর এই কবিতার বই নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে রাখা কিছু বইয়ের গুণগত মান নিয়ে বলতে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের লেখা কবিতা উল্লেখ করে তিনি বললেন, “এই অখাদ্য জিনিসগুলি গ্রন্থাগারে রাখবেন না।” এইদিন এক সভা মঞ্চে দাঁড়িয়ে আবারও এই ছড়া নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী।
জাস্টিস গাঙ্গুলীর মন্তব্যের পাল্টা জবাব দেওয়ার জন্য শোভনদেব সুকুমার রায়ের সঙ্গে তুলনা করে বলেন, “রাম গরুড়ের ছানা যদি কেউ পড়েন, তাহলে এটাও পড়বেন। ছোটদের জন্য এই ধরনের কবিতা লেখা হয়।” আর এবার সেই একই সুর মমতা ব্যানার্জির গলাতেও।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার একটা কবিতার বই বেরোলো। এক হাজার কবিতার বই। আরে বাচ্চাদের কবিতা এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে?’ এই কথার পরেই তিনি ‘হাট্টিমা টিম টিম’ ছড়ার উদাহরণ দেন। সম্প্রতি এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পাশাপাশি ব্যক্তি জীবনে নিজের শখের কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি যেমন দক্ষ রাজনীতিবিদ, তেমনই গৃহকর্মেও নিপুণা। তিনি যেমন ভালো ঝগড়া করতে পারেন, তেমন ভালো রান্নাও করতে পারেন। আবার কাপড়কাচা, ধান রোয়ার মত কাজেও সমান পারদর্শী।







