সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য জম্মু-কাশ্মীর পুলিশের। দক্ষিণ কাশ্মীর থেকে শুরু করে হরিয়ানার ফরিদাবাদ পর্যন্ত বিস্তৃত জঙ্গি নেটওয়ার্কের হদিস মিলল তদন্তে। পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদের একটি মেডিক্যাল কলেজের ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০ কিলোগ্রাম শক্তিশালী বিস্ফোরক, দুটি AK-47 রাইফেল এবং বিপুল পরিমাণে গোলাবারুদ।
ঘটনার সূত্রপাত শ্রীনগরে জইশ-ই-মহম্মদের পোস্টার লাগানোর অভিযোগ থেকে। সেই ঘটনায় উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার হয় এক কাশ্মীরি চিকিৎসক, ডা. আদিল আহমেদ রাথের। তল্লাশি চালিয়ে তাঁর লকার থেকেই উদ্ধার হয় একটি AK-47 রাইফেল ও কিছু গোলাবারুদ। জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ হরিয়ানায় পৌঁছে চাঞ্চল্যকর উদ্ধারটি করে।
সূত্রের খবর, ডা. আদিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আরও কয়েকজন চিকিৎসকের। তাঁদের মধ্যে একজনের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের পাহাড়। পুলিশ ইতিমধ্যেই তিনজন চিকিৎসককে গ্রেফতার করেছে, এবং আরও কয়েকজন সন্দেহভাজনের নাম উঠে এসেছে তদন্তে।
জম্মু-কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় — বরং একটি সুসংগঠিত সন্ত্রাসী চক্র, যারা মেডিক্যাল প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গি সংগঠনকে সাহায্য করছিল। তাঁদের নেটওয়ার্ক দক্ষিণ কাশ্মীরের কিছু সংবেদনশীল এলাকা থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই নেটওয়ার্কের আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতে পারে। তদন্ত চলছে সর্বোচ্চ সতর্কতায়।
তদন্তকারীদের নজরে এখন মেডিক্যাল জগতের অন্দরমহল — সন্ত্রাসবাদে নতুন কৌশল হিসেবে চিকিৎসকদের ব্যবহার কি নতুন ট্রেন্ড?
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা তদন্ত জুড়ে।







