ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। আর টুর্নামেন্টের প্রথম দিনেই ফুটবলপ্রেমীদের জন্য থাকছে বড় আকর্ষণ—কলকাতা ডার্বি। একই গ্রুপে জায়গা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের। ফলে ২৫ জুলাই উদ্বোধনী দিনেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাশাপাশি গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের দিন-তারিখ এবং ভেন্যুও নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই থেকে শুরু হয়ে এবারের ডুরান্ড কাপ চলবে ২৩ আগস্ট পর্যন্ত। মোট ২৪টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং—এই পাঁচটি শহরে। ‘এ’ গ্রুপে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড। উদ্বোধনী দিন বিকেল ৫টায় যুবভারতীতে হবে মরশুমের প্রথম কলকাতা ডার্বি।
ডার্বির পর মোহনবাগানের সূচি
• সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে — ৪ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী ক্রীড়াঙ্গন।
• সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে — ১০ আগস্ট, বিকেল ৪টা, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।
ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ
• সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে — ৩১ জুলাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।
• সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে — ৭ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী ক্রীড়াঙ্গন।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মহামেডান স্পোর্টিং। তাদের প্রথম ম্যাচ ২৭ জুলাই বাঘপত এফসির বিরুদ্ধে, সন্ধ্যা ৭টায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর ২ আগস্ট বিকেল ৪টায় যুবভারতীতে সমলেশ্বরী স্পোর্টিংয়ের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ আগস্ট, ভারতীয় আর্মির বিরুদ্ধে, সন্ধ্যা ৭টায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।
ডুরান্ড কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ছয়টি গ্রুপের প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া ছয় গ্রুপের রানার্স-আপদের মধ্যে পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দলও শেষ আটে জায়গা করে নেবে।
কলকাতায় দুটি কোয়ার্টার ফাইনাল হবে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা এবং ১৭ আগস্ট বিকেল ৪টায়। সেমিফাইনালের একটি ম্যাচ ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। আর ফাইনাল হবে ২৩ আগস্ট যুবভারতীতেই। তবে ফাইনালের নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি।







