বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর বিপক্ষে রাজস্থানের ওপেনার অভিজিৎ তোমার দেখালেন নিজের জাত। এক সময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলা এই ব্যাটার এখন IPL-এর কোনো দলের অংশ নন। তবে নিজের অসাধারণ সেঞ্চুরির মাধ্যমে প্রমাণ করলেন, তিনি এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য যথেষ্ট যোগ্য।
২৯ বছর বয়সী অভিজিৎ তোমার আজ ১২৫ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার ও ৪টি ছক্কার মার। তাঁর এই ইনিংসে ভর করেই রাজস্থান তামিলনাড়ুর সামনে ২৬৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয়। শেষ পর্যন্ত তামিলনাড়ু ২৪৮ রানে অলআউট হয়ে যায়।
অভিজিৎ এখন বিজয় হাজারে ট্রফিতে জীবনের সেরা ফর্মে আছেন। ৪ ম্যাচে তিনি করেছেন ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬টি ম্যাচ খেলে ১০০০-এর বেশি রান করা অভিজিৎ এদিন তাঁর চতুর্থ শতরান পূর্ণ করেন।
তবে IPL-এ অভিজিতের পথচলা মোটেও সহজ ছিল না। ২০২২ সালে KKR-এর হয়ে একমাত্র ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন তিনি। এরপর তাঁকে দলে আর জায়গা দেওয়া হয়নি। এবারের IPL নিলামেও কোনো দল তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে এই পারফরম্যান্স হয়তো অভিজিতের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে।







