পাক অধিকৃত কাশ্মীরে (PoK) তীব্র অশান্তি চলছে। সেনার গুলিতে কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। স্থানীয়রা দাবি তুলেছেন জীবন-জীবিকা ও মৌলিক পরিষেবার জন্য, যা মেনে নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে ধর্মঘট ও চাক্কা জ্যামের মতো আন্দোলনে অংশ নিয়েছেন।
এই উত্তেজনার মধ্যেই রবিবার মধ্যপ্রদেশের সাতনায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে RSS প্রধান মোহন ভাগবত PoK-কে ভারতের একটি দখল হওয়া ঘরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “পুরো ভারত আমাদের বাড়ি। কিন্তু আমাদের এক ঘর অন্যের দখলে। আগে সেখানে আমাদের টেবিল, চেয়ার, জামাকাপড় থাকত, এখন অন্য কেউ বসে আছে। এই ঘর ফেরত আনা আমাদের দায়িত্ব।”
মোহন ভাগবতের এই মন্তব্যে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি সিন্ধি সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনাদের পূর্বপুরুষ অবিভক্ত ভারতে থাকতেন। পরিস্থিতির কারণে তারা এই ঘর ছেড়ে চলে আসতে বাধ্য হন। কিন্তু ঘরটা এখনও আমাদের।”
স্থানীয়রা অভিযোগ করছেন, PoK-এর স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রায়, প্রশাসনিক দুর্নীতি চরমে। বহুবার অভিযোগ করার পরও সরকারের কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি। বিক্ষোভ দমনের জন্য পাকিস্তান সেনা গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে। মুজাফফরাবাদে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও পাঠানো হয়েছে।
এদিকে চলতি মাসেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মরক্কো সফরে ঘোষণা করেছেন, “PoK ভারতেরই অংশ। একদিন স্থানীয়রাই স্বাধীনতার দাবি তুলবে।” গত বছরের পর থেকে PoK-এর বাসিন্দারা পাকিস্তানের দখল থেকে মুক্তির জন্য সরব হয়ে উঠেছেন।







