সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের জনসভা থেকে স্পষ্ট ভাষায় জানালেন, বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে একচুলও আপস করবেন না তিনি।
ভাষণের শুরুতেই ২৬ দিনের অনশন আন্দোলনের দিনগুলির কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সিঙ্গুর আমার প্রিয় জায়গা। এখানকার মাটিতে আমি অনেকদিন কাটিয়েছি। কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম, দিয়েছি। সিঙ্গুরের মাটিই আমাকে জয় এনে দিয়েছিল।” একইসঙ্গে তিনি ঘোষণা করেন, সিঙ্গুরে ৮ একর জমিতে গড়ে উঠবে ‘এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক’, যেখানে কৃষি ও শিল্প একসঙ্গে চলবে।
এসআইআর ইস্যুতে তীব্র আক্রমণ
এসআইআর (SIR) ইস্যুতেই এদিন সবথেকে বেশি সরব ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এসআইআর-এর আড়ালে এনআরসি চালুর চক্রান্ত চলছে। এই চক্রান্তের বলি হয়েছেন ১৪০ জন মানুষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি দায় চাপান তিনি। এ বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চেয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ
ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের কোনও সহযোগিতা ছাড়াই রাজ্য সরকার প্রকল্প শুরু করেছে। তাঁর বক্তব্য, “বারবার চিঠি পাঠালেও কেন্দ্র কোনও উত্তর দেয়নি। তাই দেড় হাজার কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকারই কাজ শুরু করেছে। ইতিমধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে এবং ৩০০ কোটির কাজ শেষ।” কটাক্ষের সুরে তিনি বলেন, “আমি জুমলা করি না, কথা দিলে কথা রাখি।”
নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, “জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা গণতন্ত্র—স্বৈরাচার নয়।” বিজেপিকে বিঁধে তাঁর স্লোগান, “বিজেপি বলছো ঝুট, করছো লুট।” বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরির চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি।
দিল্লি যাত্রা ও ভবিষ্যৎ আন্দোলনের বার্তা
একটি বেসরকারি সংস্থার কর্মীদের মৃত্যুসংবাদ পাওয়ায় বুধবারের দিল্লি সফর স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরির ঘোষণা করেন তিনি। তবে স্পষ্ট জানান, “আজ যাইনি ঠিকই, কিন্তু কাল বা পরশু আমি দিল্লি যাবই। মানুষের মৃত্যুর জবাব দিতে হবে।”
সভা শেষে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমায় জেলে ভরেও লাভ নেই। আমি জেলে গেলে বাংলার মা-বোনেরাই তার জবাব দেবে। মানবিক হন, দানবিক হবেন না।”







