বিনোদন

দেবদূত ঘোষ বড়ো পর্দায় ফিরছেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে

ছোটোপর্দা এবং মঞ্চের পরিচিত মুখ দেবদূত ঘোষ আবারও বড়োপর্দায় ফিরতে চলেছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ জুন থেকে শুরু হবে ছবির শুটিং। ছবির প্রযোজক রানা সরকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রানা সরকার জানিয়েছেন, দেবদূত ঘোষকে ছবিতে রাজা গজপতি মহারাজ প্রতাপাদিত্যের ভূমিকায় দেখা যাবে। লুক টেস্টে ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছেন তিনি। দেবদূত ঘোষ নিজেও জানালেন, সৃজিতের পরিচালনায় আগেও কাজ করেছেন তিনি। তাঁর কথায়,”সৃজিতের ‘এক যে ছিল রাজা’ ছবিতেও ছিল ইতিহাসের ছোঁয়া। সেখানে অভিনয় করেছিলাম। রানার সঙ্গেও কাজ করেছি ওঁর ধারাবাহিক ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’-এ। আমি ওখানে ‘নিত্যানন্দ’ হয়েছিলাম। আবার ওঁদের সঙ্গে কাজ হচ্ছে। ভালো লাগছে।”

সৃজিতের এই নতুন ছবিতে তিনটি পর্যায়ে চৈতন্যদেবের জীবন তুলে ধরা হবে। প্রথম পর্যায়ে চৈতন্যদেব স্বয়ং পর্দায় উপস্থিত থাকবেন। দ্বিতীয় পর্যায়ে ছবির মধ্যেই একটি জীবনীচিত্র নির্মাণের কাহিনি দেখানো হবে। আর তৃতীয় পর্যায়ে রামকৃষ্ণ দেবের সময়কাল উঠে আসবে পর্দায়। এই তিনটি পর্যায়ে ভিন্ন তিনটি চরিত্রে অভিনয় করবেন দেবদূত ঘোষ। প্রথম পর্যায়ে তাঁকে দেখা যাবে গজরাজ প্রতাপাদিত্য হিসেবে, যিনি সমাজের ভয় না পেয়ে খোলাখুলি সমর্থন জানান চৈতন্যদেবকে। দ্বিতীয় পর্যায়ে তিনি যুক্ত থাকবেন ছবির নির্মাণের সঙ্গে, আর তৃতীয় পর্যায়ে হবেন রামকৃষ্ণ দেবের ঘনিষ্ঠ অনুচর। এই ছবিতে দেবদূতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এক চর্চিত অভিনেত্রী, তবে নাম এখনই প্রকাশ করতে নারাজ অভিনেতা বা প্রযোজক।

এখানেই থেমে নেই দেবদূতের কাজের পরিধি। অভিনয়ের পাশাপাশি তিনি হাত দিয়েছেন বাংলার লোকশিল্প ও সংস্কৃতি রক্ষার উদ্যোগে। নৃতত্ত্ববিদ সম্রাট চৌধুরী এবং এক চিত্রগ্রাহকের সঙ্গে মিলে ইউটিউবের জন্য ভ্লগ তৈরি করতে চলেছেন তিনি। দেবদূতের কথায়,”বাংলার লোকশিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে। এটা ভালো লাগছে না। তাই এই উদ্যোগ।” তিনি জানিয়েছেন, অভিনয়ের ব্যস্ততার মাঝেও প্রতি মাসে এক থেকে দুবার বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে লোকশিল্প, গান, সংস্কৃতি ও হাতের কাজ ক্যামেরাবন্দি করবেন। এই প্রকল্পের শুরু হবে বাঁকুড়া থেকে। দেবদূতের এই বহুমাত্রিক যাত্রা নিঃসন্দেহে বাংলার সংস্কৃতি ও সিনেমার জগতে এক ইতিবাচক সংযোজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.