দেশজুড়ে কসাইখানাগুলিতে পশু সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশিকা পশ্চিমবঙ্গেও কড়াভাবে কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনও গরুকে কসাইখানায় জবাই করা যাবে না। সেই নিয়ম যাতে রাজ্যেও দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেই আবেদন জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হয়। আবেদনকারী আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে অল্পবয়সী গবাদি পশু জবাই চলছে। প্রশাসনের নজর এড়িয়ে চলা এই বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই আদালতের অবিলম্বে হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করলেও সোমবার তার চূড়ান্ত শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়েছে, ওইদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ না বসায় নিয়ম অনুযায়ী মামলাটি রেগুলার বেঞ্চে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ আদালতে।
পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোরভাবে কার্যকর করতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাই কোর্টের ২০১৮ সালের ৬ অগস্টের রায় এবং সেই সংক্রান্ত ২০২২ সালের ৮ জুন জারি হওয়া সরকারি নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।







