শীত মানেই ফলের মৌসুম! আপেল আর ডালিমের রসালো স্বাদে মজে ওঠে সকলে। তবে ডালিম খাওয়ার পর এর খোসা সাধারণত আবর্জনার ঝুড়িতেই চলে যায়। অথচ, চিকিৎসাবিজ্ঞান বলছে—এই খোসাই হতে পারে আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের এক প্রাকৃতিক ওষুধ!
ডালিম শুধু ফল নয়, এক ‘সুপারফুড’
ডালিমে রয়েছে প্রচুর ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তাল্পতা রোধ করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা অ্যান্টি-অ্যাথেরোজেনিক ও অ্যান্টি-হাইপারটেনসিভ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
ডালিমের খোসা—অজানা কিন্তু অনন্য উপকারিতা
রোগ প্রতিরোধে সহায়ক: শুকনো ডালিমের খোসা গুঁড়ো করে হালকা গরম জলে ভিজিয়ে নিন। তাতে সামান্য মধু ও কালো লবণ মিশিয়ে পান করুন। এটি ইমিউন সিস্টেমকে মজবুত করতে সাহায্য করে।
মুখের দুর্গন্ধের সমাধান: সকালে দাঁত ব্রাশের পরে ডালিমের খোসার গুঁড়ো ও লবণ মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়।
ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব: ব্রণ বা ফুসকুড়ির সমস্যায় ডালিমের খোসার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে। এটি ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফেরায়।
রান্নাতেও চমক: চা পাতা না থাকলে চায়ের রঙ গাঢ় করতে ব্যবহার করুন ডালিমের খোসা! কাজ দেবে দারুণভাবে।






