খেলাধুলা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে নর্থবেঙ্গলকে হারিয়ে নকআউট নিশ্চিত নর্থ ২৪ পরগনার

কল্যাণী: বেঙ্গল সুপার লিগে সোমবার কার্যত সেমিফাইনালের আবহে হওয়া ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি-কে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল নর্থ ২৪ পরগনাস এফসি। এই জয়ের সঙ্গে সঙ্গেই চূড়ান্ত হয়ে গেল চলতি বিএসএলের চার সেমিফাইনালিস্টের নাম।

কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের ১১ মিনিটে রৌনকের গোলে এগিয়ে যায় নর্থবেঙ্গল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাহাড়ের দল। মাত্র এক মিনিটের মধ্যেই কুন্তলের গোলে সমতা ফেরায় নর্থ ২৪ পরগনা। এরপর দু’দলই একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোলের দেখা মেলেনি।

নকআউট পর্ব নিশ্চিত করতে ‘জিততেই হবে’ মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ধরে নেয় নর্থ ২৪ পরগনা। ৬৩ মিনিটে জোমুয়ানসাঙ্গার দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় তারা। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ফয়সালা করে দেয়। স্কোরলাইন দাঁড়ায় ২-১।

এর আগে এফসি মেদিনীপুরকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এই হারে হতাশা নিয়েই লিগ অভিযান শেষ করতে হল নর্থবেঙ্গলকে। পয়েন্ট টেবিলে তারা শেষ করল পাঁচ নম্বরে।

এই ম্যাচের ফলের পর জেএইচআর রয়্যাল সিটি এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি’র সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করল নর্থ ২৪ পরগনাস এফসি। লিগ টেবিলে এরপর যথাক্রমে রয়েছে বর্ধমান ব্লাস্টার্স, এফসি মেদিনীপুর এবং কোপা টাইগার্স বীরভূম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.