খেলাধুলা

বাংলাদেশের অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল আইসিসি, উদ্বেগ প্রকাশ ডব্লিউসিএ-র

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই সিদ্ধান্তে একদিকে যেমন প্রশ্ন তুলেছে পাকিস্তান, তেমনই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকেটারদের বিশ্ব সংস্থার আশঙ্কা, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অবস্থানকেই ‘ভণ্ডামি’ ও ‘দ্বিচারিতা’ বলে চিহ্নিত করেছে আইসিসি। বিসিবি জানিয়েছিল, নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তারা ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তবে আইসিসির অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছর আরও বেশি নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করেছিল। সেই প্রেক্ষিতেই বাংলাদেশের যুক্তিকে অসংগত বলে মনে করছে আইসিসি।

এ দিকে, বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে ডব্লিউসিএ। সংস্থার চিফ এক্সিকিউটিভ টম মোফাট বলেন, এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের সার্বিক কাঠামোর উপর আঘাত হানতে পারে। এক বিবৃতিতে ডব্লিউসিএ জানিয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি উদ্বেগজনক। ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে একটি গুরুত্বপূর্ণ দেশের না থাকা ক্রিকেটের পক্ষেই দুঃখজনক। এতে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

ডব্লিউসিএ আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে চুক্তিকে যথাযথ সম্মান করা হচ্ছে না, খেলোয়াড়দের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্তৃপক্ষের সঙ্গে ক্রিকেটারদের আলোচনাও ফলপ্রসূ হচ্ছে না। তাদের মতে, এগুলি বিশ্ব ক্রিকেটের বর্তমান পরিচালন ব্যবস্থার গুরুতর সমস্যার দিকেই ইঙ্গিত করছে। এই সমস্যা উপেক্ষা করা হলে আস্থা, ঐক্য এবং খেলাটির ভবিষ্যৎ আরও দুর্বল হয়ে পড়বে।

ক্রিকেটের স্বার্থে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। ইতিবাচক ও স্বচ্ছ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পাশাপাশি আত্মপর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেছে ডব্লিউসিএ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.