খেলাধুলা

লর্ডসে রুদ্ধশ্বাস চতুর্থ দিন, ডিন শেষে চার উইকেট খুঁইয়ে চাপে ভারত

লর্ডসের সবুজ আঙিনায় যেন ফিরে এসেছে পুরনো দিনের টেস্ট ক্রিকেটের উত্তেজনা। প্রতিটি সেশনে পাল্টেছে ম্যাচের গতি, পাল্টেছে ম্যাচের সম্ভাব্য ফয়সালাও। রবিবারের নাটকীয়তায় এক দিনে পড়ে গিয়েছে ১৪টি উইকেট! সেই সঙ্গেই শেষ দিনে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কে নেবে, তার উত্তর এখনও অজানা। ভারতের দরকার আর মাত্র ১৩৫ রান। ইংল্যান্ড চাই ছয়টি উইকেট। পঞ্চম দিন এক অন্যরকম টেস্ট রোমাঞ্চ উপহার দিতে চলেছে দর্শকদের।

তৃতীয় দিনের উত্তাপ রবিবারও ছড়িয়ে ছিল মাঠে। বিশেষ করে সিরাজ ও শুভমনের আগ্রাসী শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল, লড়াইটা কেবল স্কোরবোর্ডে নয়, মনস্তত্ত্বেও। শুরুতেই সিরাজের আঘাতে দুলে ওঠে ইংল্যান্ডের টপ অর্ডার। এরপর রুট-ব্রুক জুটি কিছুটা সামাল দিলেও আকাশদীপ ও নীতীশ রেড্ডির টাইট লাইন সেই চেষ্টা ভেঙে দেয়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ওয়াশিংটন সুন্দরের স্পিনে ফিরল রঙ। রুট, স্মিথ ও স্টোকসকে ফিরিয়ে তিনি চাপে ফেলেন ইংল্যান্ডকে।

১৯২ রানে অলআউট হওয়ার পর ভারতের সামনে লক্ষ্য ১৯৩। মনে হতে পারে সহজ, কিন্তু লর্ডসের চতুর্থ ইনিংসে সেটা অনেক দূরের পথ। বিশেষ করে শুরুটা হতাশাজনক হওয়ায় আরও চাপে পড়েছে ভারত। যশস্বী, করুণ, শুভমন ও আকাশদীপ—চারজনই ফিরে গিয়েছেন। মাত্র ৫৮ রানেই পড়ে গিয়েছে চার উইকেট।

তবে রাহুল এখনও অপরাজিত। তাঁর ব্যাটেই ভারতের আশা। ম্যাচের এই অবস্থায় রাহুলের অভিজ্ঞতা ও ধৈর্যই হতে পারে সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে, আর্চার-ওকস-কার্সদের নিয়ে ইংল্যান্ডও জয়ের স্বপ্ন দেখছে। সোমবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে লর্ডসে শেষ দিনের টানটান লড়াই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.