ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তার কেরিয়ার প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। ঋষভ পন্থ বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন। তিনি টুইট করে জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। দিনে দিনে তিনি সেরে উঠছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন। পন্থ দেরাদুনের গাড়ি দুর্ঘটনার পরে স্থানীয় হাসপাতালে ভরতি ছিলেন। পরে তাঁকে মুম্বইয়ে নিয়ে এসে পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি।
ঋষভ পন্থ ৩০ ডিসেম্বরের ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময়ে দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকেই এই তারকা ক্রিকেটার হাসপাতালে ভরতি রয়েছেন। সোমবার মুম্বইয়ের হাসপাতাল থেকেই তিনি টুইট করে নিজেই তার শারীরিক অবস্থার কথা জানান। পন্থ বলেন, আমি অভিভূত “সকলে এভাবে আমার পাশে থাকবে আমি ভাবতে পারিনি। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।”
বিসিসিআই পন্থের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে। সেই জন্য ঋষভ ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, “বিসিসিআই, জয় শাহ ও সমস্ত সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সকলের সঙ্গে দেখা হবে।”
বর্তমানে ঋষভ পন্থ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি আছেন। গত সপ্তাহে তার লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয়েছিল। তারপর তিনি প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেঁড়ে উঠেও দাঁড়িয়েছিলেন। ডাক্তাররা জানিয়েছিলেন, তাকে এবার ধীরে ধীরে হাঁটানো হবে আর তার জন্য আরও এক সপ্তাহ তাকে হাসপাতালে থাকতে হবে। তবে এটাও শোনা যাচ্ছে, অস্ত্রোপচারের কাজ সবে অর্ধেক হয়েছে। আগামী ছ’সপ্তাহের মধ্যেই চিকিৎসকরা ফের ছুরিকাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে পন্থের সামনে হাজির হবেন।







