লর্ডসে চলতি টেস্টে ইংল্যান্ডের বোলিং কৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল গাওস্কর। ঋষভ পন্থের আঙুলে চোট থাকার পরও তাঁর দিকে ক্রমাগত শর্ট বল ছোড়ার বিরুদ্ধে মুখ খুলেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর দাবি, এমন আক্রমণাত্মক পরিকল্পনা আদৌ ক্রিকেটীয় চেতনার মধ্যে পড়ে না। বিষয়টি এতটাই তাঁকে বিচলিত করেছে যে তিনি আইসিসি-র পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সরাসরি নিয়ম বদলের আর্জি জানিয়েছেন।
ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে গাওস্কর জানান, “ইংল্যান্ডের ৫৬ শতাংশ বলই ছিল শর্ট লেংথের। লেগ সাইডে চার থেকে সাত জন ফিল্ডার রেখে লাগাতার বাউন্সার করা হচ্ছে। এটা স্পোর্টসম্যানশিপ নয়। আগে যেমন ওভারে দু’টি বাউন্সার নির্ধারিত ছিল, তেমন নিয়ম আবার ফিরিয়ে আনা উচিত।”
তিনি আরও বলেন, “লেগ সাইডে ছ’জনের বেশি ফিল্ডার থাকা ক্রিকেটীয় ন্যায্যতা নয়। সৌরভকে অনুরোধ করব, যাতে আইসিসি এ বিষয়ে চিন্তাভাবনা করে। ভবিষ্যতে এমন অখেলোয়াড়োচিত কৌশল রুখতে নতুন নিয়ম করা প্রয়োজন।”
যদিও ইংল্যান্ড পন্থকে চোটের সুযোগ নিয়ে চাপে ফেলতে চেয়েছিল, তাঁদের সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ, হাতে ব্যথা নিয়েও পন্থ খেলেন ১১২ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটে আসে আটটি চার ও দুটি ছক্কা, যা ভারতীয় ইনিংসের ভিত্তি মজবুত করে।







