ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর মনে করছেন, আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের স্কিল উন্নত করতে পারবেন এবং বিশ্বকাপের আগে ফিটনেস বাড়ানোর সুযোগ পাবেন।
ডব্লিউপিএলের পাঁচ দলের এই আসর চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। এরপর ভারতীয় দল প্রায় তিন মাসের বিরতি পাবে, যেখানে তারা ইংল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর অক্টোবরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
হরমনপ্রীত বলেন, “ডব্লিউপিএল আমাদের জন্য বড় সুযোগ, বিশেষ করে বিশ্বকাপের আগে। এরপর একটা ভালো বিরতি থাকবে, যেখানে আমরা ফিটনেসের ওপর কাজ করতে পারব। এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।”
ভারত ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল, তখন দলের নেতৃত্বে ছিলেন মিতালি রাজ। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত।
সম্প্রতি ভারত টানা সিরিজ খেলেছে—অস্ট্রেলিয়ার বিপক্ষে (অ্যাওয়ে), ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে (হোম)। এই ব্যস্ত সূচির কারণে বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে ছিটকে গিয়েছিলেন, যার মধ্যে ছিলেন পূজা বাস্ত্রকর, যাস্তিকা ভাটিয়া, শ্ৰেয়াঙ্কা পাটিল ও প্রিয়া পুনিয়া। তবে তারা সবাই ডব্লিউপিএলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করবেন।
হরমনপ্রীত বলেন, “একজন ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ব্যস্ত সূচি চাই। চোট আমাদের হাতে নেই, কিন্তু নিয়মিত খেলা আমাদের উন্নতিতে সাহায্য করে। বিশ্বকাপের আগে আমরা দল হিসেবে আরও বেশি শক্তিশালী হতে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই।”







