সম্প্রতি বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ওঠে। তারপরই সেই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এবার সেই ঘটনা নিয়ে ঘাসফুল শিবিরকে কাঠগড়ায় তুলে কটাক্ষ করেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
গত কয়েকদিন আগে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। সেই কথা শুনেই মেজাজ হারিয়ে চিকিৎসককে এক্কেবারে চাকরি কেড়ে নেওয়ার দিয়ে বসেন তারকা বিধায়ক। এরপরই চিকিৎসকমহলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়। এবার সেই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে বিধলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়াও অনুব্রত মন্ডলের প্রসঙ্গ তুলেও সুর চড়িয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের অনুপ্রবেশকারীদের আশ্রয় থেকে শুরু করে ওড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয় নিয়েও রাজ্যের শাসক শিবিরকে তীব্র ভাষায় কটাক্ষ করেন।
এ প্রসঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘কাঞ্চন মল্লিক তো এক সময় সংস্কৃতির মানুষ ছিলেন। থিয়েটার করতেন, অভিনেতা ছিলেন। কিন্তু তৃণমূলে যোগ দিয়েই উনি তৃণমূল কালচারে রঙিন হয়ে গেছেন। ওঁর এই আচরণে আমি কিছু অস্বাভাবিক দেখি না। এটাই তো তৃণমূলের সংস্কৃতি। কোচবিহার থেকে কাকদ্বীপ— এই এক কালচারেই সবাই রঙিন। যা করছেন কাঞ্চন, সেটাই তো করেছেন অনুব্রতরাও। এটাই তৃণমূলের চেনা ছবি। ক্ষমতার দাপটে সাধারণ মানুষ, চিকিৎসক, পুলিশ— কেউই রেহাই পান না। যাঁরা ওড়িশায় ধরা পড়েছেন, তাঁদের কাছে ৩০০-র বেশি জাল আধার কার্ড মিলেছে। আর এই জাল আধার তৈরি হচ্ছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়িতে। সেটা ধামাচাপা দিতেই বলা হচ্ছে ভাষার জন্য নাকি বাংলাদেশি সন্দেহে ধরা হয়েছে। রোহিঙ্গা আর বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় রাখা তৃণমূলের অন্যতম উদ্দেশ্য। তাই ২০২৬-এর ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় কাজ হল নিখুঁত ভোটার তালিকা তৈরি করা। ভাঙড়ে খুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। এবারের ভোটে বাংলার মানুষ তৃণমূলকে বিদায় দিতে প্রস্তুত। রাজ্যপালকে অনুরোধ করব, ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে যেন আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়। কারণ নতুন সরকার এলেও, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে অন্তত ১৫ দিন সময় লাগবে।’







