দুর্গাপুজোর আগে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কর্মবন্ধুদের সাম্মানিক বৃদ্ধি থেকে শুরু করে তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়ানোর কথা জানানো হয়েছে। একইসঙ্গে ICDS কর্মীদের ভাতা বৃদ্ধি এবং সরকারি চাকরিতে নিয়োগ নিয়েও বড় বার্তা দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মবন্ধুদের মাসিক বেতন ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। পুজোর মাস থেকেই বর্ধিত টাকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ST ও SC সম্প্রদায়ের যে সমস্ত পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্যও বড় সুখবর। হস্টেলে খাবারের জন্য বরাদ্দ বাড়িয়ে ১,৮০০ টাকা থেকে ৩,৩০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বর্ধিত বরাদ্দ নভেম্বর মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়াও ICDS কর্মীদের ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভগিনী নিবেদিতার নামে নতুন একটি প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি নিয়োগ নিয়েও বড় ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিভিন্ন দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে।
দেবীপক্ষের শুরুতেই পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন স্তরের পরীক্ষা শেষ করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলিকে পুজোর আগে রাজ্যের কর্মী ও পড়ুয়াদের জন্য বড় স্বস্তির পদক্ষেপ হিসেবেই দেখছে সরকার। একইসঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বার্তাও দেওয়া হয়েছে।







