নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন সুজয়কৃষ্ণ।
তবে এই জামিন পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকবেন। তিনি শুধুমাত্র চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন। অন্য কোনো কাজে বাইরে যাওয়ার অনুমতি নেই তাঁর। এমনকি, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গেও তিনি দেখা করতে পারবেন না।
আদালত জানিয়েছে, সুজয়কৃষ্ণের স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন। অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করার কথা বলা হয়েছে। এই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তার দায়ভার কে নেবে? তাই আদালত মানবিক কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
এই জামিনের মেয়াদ বেশি দিন নয়। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। আদালত জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
প্রসঙ্গত, এর আগে সুজয়কৃষ্ণকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রেসিডেন্সি জেলেই রয়েছেন।







