সোমবারই পূর্ণ হল শুভেন্দু-সরকারের ১০০ দিন। আর সরকারের ১০০তম দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। সোমবার, ১৭ অগস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ অগস্ট পর্যন্ত এই টাকা পৌঁছে দেওয়া হবে।
সুমনা সরকার বলেন, বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া সকলের কাছেই আনন্দের বিষয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বার্তা দিয়েছিলেন। কিন্তু এই প্রকল্পকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। যাচাইয়ের পর ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম এই পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ থেকে ২০ অগস্ট পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। যোগ্য কোনও মহিলা বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আপাতত নতুন আবেদন নেওয়া হবে না
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলির ভেরিফিকেশন চলছে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনারও জবাব দেন সুমনা সরকার। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন আবেদন নেওয়া হবে না। তবে যোগ্য কোনও মহিলাকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১৭ অগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। এবার সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কতজন মহিলা এই পর্যায়ে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তার বিস্তারিত পরিসংখ্যানও জানাল রাজ্য সরকার।







