বেশিদিন নয়, মার্চ মাস পড়লেই গরমের ঘিরে ধরতে চলেছে রাজ্যবাসীকে। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে। আগামী দুদিন আরও পারদ পতনের পূর্বাভাস, তবে সপ্তাহান্তে ফের তা চড়চড়িয়ে বাড়তে পারে। হাওয়া অফিসের পূ্র্বাভাস অনুযায়ী, মার্চের গোড়া থেকেই টের পাওয়া যাবে গরম।
চলতি সপ্তাহে তাপমাত্রায় ওঠাপড়া লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা – পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকে কুয়াশার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, তবে বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে বলে জানা যাচ্ছে । সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে অবশ্য অন্য কথা শুনিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ-সহ সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। কুয়াশাচ্ছন্ন থাকবে জেলাগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে যাবে কুয়াশার চাদর। মঙ্গলবার থেকে মূলত পরিষ্কার আকাশ। বুধবার থেকে দু-তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৩ শতাংশ। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।







