২৬ এই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ঠিক তার পূর্বেই SIR এর দামামা বেজে যাওয়ায় , কার্যত উত্তাপ বেড়েছে রাজ্য রাজনীতির। আর এই নির্বাচনী আবহে দিল্লিতে বৈঠকে পদ্ম শিবির। এদিনের বৈঠক থেকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে, বাংলায় বিজেপিকে লড়াই অব্যাহত রাখতে হবে বলে বার্তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে। সেই গতি বজায় রাখতে হবে।”
সূত্রের খবর , প্রধানমন্ত্রী , বৈঠকে SIR প্রসঙ্গ নিয়েও কথা বলেন। তিনি সাংসদদের বলেন , এই বিশেষ নিবিড় সমীক্ষায় , শুদ্ধিকরণ করা হচ্ছে ভোটার তালিকা। ভোটাররাও যাতে এই বিষয়ে স্পষ্টভাবে অবগত হন , সেই বিষয়ও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সাংসদদের বলা হয়েছে , কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন , জনমুখী প্রকল্প রয়েছে , সেগুলির প্রচার আরো বাড়াতে হবে , এবং সেই প্রকল্পগুলির সুবিধা জনগণ পাচ্ছে কিনা , সেবিষয়ও দেখতে হবে। পাশাপাশি খগেন মুর্মুর ওপর হামলা নিয়েও প্রধানমন্ত্রী খোঁজ নেন বলে জানা গিয়েছে।
এই বৈঠকের পরই দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান , “নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করেছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল। কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। সেই ভুল আমরা এবার করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা বুথে গিয়ে বৈঠক করবেন।”







