রাজ্য সরকারের চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন বৃদ্ধি করল সরকার। প্রাথমিক পর্যায়ে বেতন বাড়ানো হয়েছে আড়াই হাজার টাকা। এরপর অভিজ্ঞতা ভিত্তিতে বেতনের পরিমাণ বাড়বে। এর একটি তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে নবান্নে। বর্ধিত বেতন প্রযুক্ত হবে ১ লা জানুয়ারি ২০২৫ থেকে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরনিগম,পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি গত কয়েক দিন ধরেই বিবেচনা করা হচ্ছিল। রাজ্য সরকারের অর্থ দফতর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা শুরুতেই পেতেন সাড়ে ১৩ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হল ১৬ হাজার টাকা। অর্থাৎ, সরকারি গাড়ির চালক হিসাবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলেই তিনি মাসে ১৬ হাজার টাকা করে পাবেন। প্রথম পাঁচ বছর তাদের বেতন বাড়বে না।
পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে তবেই চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন। যাঁদের অভিজ্ঞতা কমপক্ষে ১০ বছর, তাঁরা পাবেন মাসে ২৫ হাজার টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে মিলবে ৩১ হাজার টাকা করে। যাঁদের সরকারি গাড়ির চালক হিসাবে ২০ বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে। ৬০ বছর বয়স পর্যন্ত চালকদের ক্ষেত্রে এই পরিবর্তিত বেতন প্রযোজ্য হবে।
এছাড়াও, যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত হন, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন।
বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানার পর তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়েক বলেন, রাজ্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের সাম্মানিক বৃদ্ধি করছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি। বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ।







