দেশজুড়ে কর্মরত শিক্ষকদের জন্য টেট (TET) পাস বাধ্যতামূলক করার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রিভিউ পিটিশনের শুনানিতে শিক্ষকদের কিছুটা স্বস্তি দিয়ে টেট পাশের সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ৩১ অগস্ট ২০২৮ পর্যন্ত করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাশ না করলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে।
এই নির্দেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য ও শিক্ষক সংগঠন পুনর্বিবেচনার আবেদন জানায়। সেই মামলার প্রেক্ষিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত। তবে অবসরের পাঁচ বছরের মধ্যে থাকা শিক্ষকদের ক্ষেত্রে আগের মতোই ছাড় বহাল রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩৩ লক্ষ শিক্ষক এখনও টেট যোগ্যতা অর্জন করেননি। যদিও ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন এবং এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য টেট বাধ্যতামূলক।
পশ্চিমবঙ্গে এই নির্দেশ বড়সড় প্রভাব ফেলতে পারে। কারণ, রাজ্যে প্রথম টেট পরীক্ষা শুরু হয় ২০১১ সালে। ফলে তার আগে নিয়োগ পাওয়া বহু অভিজ্ঞ শিক্ষককে এবার নতুন করে পরীক্ষায় বসতে হবে।







