রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ যেন অশনিসঙ্কেত দিচ্ছে। সামনে রথযাত্রা, আর তার আগেই রাজ্যে দুর্যোগের বার্তা। আগামী সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায় রবিবার থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে থাকবে তীব্র ঝড়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। ২৬ জুন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাব পড়তে পারে ২৭ জুনের রথেও। ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাগাতার বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
উত্তরবঙ্গও পিছিয়ে নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রবিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
রথযাত্রার আনন্দের মাঝে প্রকৃতির রুদ্ররূপ চিন্তার ভাঁজ ফেলছে রাজ্যবাসীর কপালে। এই পরিস্থিতিতে আবহাওয়ার আপডেট ও সতর্কতা মেনে চলাই একমাত্র উপায়।







